আজ সকাল থেকেই ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

  • আজ সকাল থেকেই বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ঢাকা
  • ঢাকার স্কোর ১৮৭, বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়
  • ঘরের বাইরে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পড়ার পরামর্শ দেয়া হয়েছে
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ সকাল থেকেই বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ১৮৭। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এছাড়াও ১৮৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। বাতাসের মান সূচকে এটিও ‘অস্বাস্থ্যকর’।

অন্যদিকে, ১৮০ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মিশরের রাজধানী কায়রো। এই স্কোরকেও ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে 'মাঝারি' বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। আর সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে 'বিপজ্জনক' হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত