অনেক অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ এএম

অনেক অদৃশ্য শক্তি বিএনপির বিরুদ্ধে কাজ করছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অনেক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।’ গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ওপর চট্টগ্রাম বিভাগীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন যেকোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘পঁয়ত্রিশ বছরের রাজনীতির অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি, আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যদি মাঠে থাকতে পারত, সে ক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো এখন তার চেয়ে আরও বেশি কঠিন হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এ সেই চট্টগ্রাম, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল। আমি সেই চট্টগ্রামের মাটিতে আমাদের ৩১ দফা কর্মসূচি তুলে ধরছি। এই ৩১ দফা প্রথমে ছিল ২৭ দফা। পরে বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল, সবগুলো দলের মতামতের ভিত্তিতেই আমরা ৩১ দফা দিয়েছি। এই দফাগুলো এখন জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।’

তারেক রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন নিয়েই আমরা দেশ পরিচালনা করতে চাই। তাই জনগণের দুয়ারে গিয়ে বলতে চাই “আমাদের দেশ পরিচালনার সুযোগ দিন”।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর আমাদের কিছু কিছু নেতাকর্মীর মধ্যে অদ্ভুত এক অনুভূতি এসেছে, যেন আমরা সরকারে চলে এসেছি। আমাদের বিভিন্ন আচরণে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চট্টগ্রামেও এমন কিছু ঘটনা ঘটেছে। আপনারা নিজ নিজ এলাকায় একেকজন বিএনপির প্রতিনিধি। আমার অনুরোধ থাকবে, এমন কিছু করবেন না, যা দ্বারা দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় বিতর্কিত হয়ে গেলে ভবিষ্যতে এলাকার মানুষের কাছে কোন মুখে দলের জন্য ভোট চাইতে যাবেন।’

তারেক রহমান বলেন, ‘আমরা নিশি রাতের ভোট, ডামি ভোট কিংবা ব্যালট চুরির নির্বাচনে বিশ্বাস করি না। বিশ্বাস করি জনগণের ভোটের ওপর। তাই জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। আমরা ক্ষমতা চাই না, জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ চাই। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, জনগণের সমর্থনে তারা দেশ পরিচালনার সুযোগ পায়নি। তাই জনগণের সমর্থন চাইলে তাদের আস্থা অর্জন করতে হবে। বিএনপির প্রতি মানুষের এই আস্থা ধরে রাখার দায়িত্ব নেতাকর্মীদের। বিগত ১৫-১৬ বছর অনেক নির্যাতন-নিপীড়ন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। ছোট ছোট ভুলের জন্য যাতে সেসব বিসর্জন নষ্ট না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, বিএনপির মিডিয়া সেলের প্রধান মওদুদ আলমগীর পাভেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগের ১০টি সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং পেশাজীবী নেতারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত