খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরপর ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’, ‘বেপরোয়া’, ‘নোলক’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেন। এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো ‘তছনছ’ শিরোনামে নতুন এক সিনেমা। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরই মধ্যে এর ফার্স্ট লুকও প্রকাশ করা হয়েছে এর। কমল সরকারের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। সিনেমাটিতে ববির বিপরীতে অভিনয় করছেন মুন্না খান। এ প্রসঙ্গে মুন্না খান বলেন, ‘আগামী ঈদুল আজহায় মুক্তির টার্গেট নিয়ে ফেব্রুয়ারিতে ক্যামেরা ওপেন করব।’ মুন্না খান ও ববি ছাড়াও ‘তছনছ’ সিনেমায় অভিনয় করবেন দীপা খন্দকার, মিশা সওদাগর, জয় রাজ, বড়দা মিঠু, জাহিদ ইসলাম প্রমুখ।
×
