কুমিল্লার দাউদকান্দির বরকোটা স্কুল অ্যান্ড কলেজকে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালালমুক্ত করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা ব্যানার হাতে সড়কে বসে এ আন্দোলন করে। স্থানীয় যুবদল নেতা কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ তাদের। এতে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলে, ‘৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা রুহুল আমিন কলেজের অফিস সহকারী আদিলকে পিটিয়ে আহত করেন। এ ছাড়া কলেজে নির্মিত পাঠাগারটি ভেঙে ফেলেন। কলেজের অফিস কক্ষ এবং পাঠাগারে থাকা কয়েক হাজার বই লুট করে নিয়ে যান। এখন তিনি কলেজের সভাপতি হতে চান। এ নিয়ে আমাদের হুমকি-ধামকি দিচ্ছেন যুবদল নেতা রুহুল আমিন। কলেজ ক্যাম্পাসকে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত করার দাবিতে আমরা সড়কে নেমেছি।’
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম বলেন, ‘কলেজের দোকান নিয়ে স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিনের সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। আগের অধ্যক্ষ ২০২১ সালে দোকান ভেঙে পাঠাগার নির্মাণ করেছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পাঠাগার ভেঙে ফেলেন। তবে কারা ভেঙেছে আমি বলতে পারব না। পুলিশ প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে গেছি।’
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছি যে, কলেজে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকা- চলতে দেওয়া হবে না। পরে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।’
