এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি শাম্মি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পিএম

১ ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তবে সে জন্য তাকে ছাড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) সভাপতি পদ। ভারতীয় বোর্ডে না হলেও, এসিসি-তে জয় শাহের বিকল্প খুঁজে পাওয়া গেল। নতুন সভাপতি হলেন শ্রীলঙ্কা শাম্মি সিলভা।

এসিসি-তে আগে অর্থ এবং বিপণন দফতরের চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন সিলভা। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, 'এসিসি-কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত। ক্রিকেট এশিয়ার হৃৎস্পন্দন। খেলাটার উন্নতির জন্য সকল সদস্যের সঙ্গে নিবিড় ভাবে কাজ করতে চাই এবং ভবিষ্যতের প্রতিভা তুলে আনতে চাই।'

জয় শাহেরও প্রশংসা করেছেন তিনি। বলেছেন, 'জয় শাহের নেতৃত্বে এসিসি অনেক মাইলফলক তৈরি করেছে। ২০২৪-৩১ এশিয়া কাপের জন্য সর্বোচ্চ দামে সম্প্রচারস্বত্ব বিক্রি করেছেন। প্রতিযোগিতার গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধিতে নতুন নতুন উদ্ভাবন দেখা গিয়েছে।'

গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়েছেন সিলভা। পরের বছর এশিয়া কাপের আগে যাবতীয় কাজ করতে হবে তাকে। পাশাপাশি এশিয়াকে বাকি বিশ্বের মধ্যে শক্তিশালী করে তোলার ক্ষেত্রেও ভূমিকা নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত