বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
শফিকুল আলম বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই। যে গণহত্যা হলো জুলাই-আগস্টে যে ১৫০০ মানুষকে হত্যা করা হলো, এর নির্দেশদাতা তো তিনি। এর আগে যত গুম হয়েছে, তিনি তো সরকারপ্রধান ছিলেন। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে, যা দেশের জনগণের টাকা। এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে, যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যার্পণের জন্য চাওয়া যায়। আমরা সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি। এটা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যার্পণ চাইব
তিনি বলেন, ভারতের গণমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ আপনারা দেশে এসে প্রতিবেদন করেন। অনেকে মিথ্যাই প্রচার করতে চায়, এতে তাদের লাভ।
