শিক্ষা-গবেষণায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন গবেষক আরমিন হোসেন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম

শেরপুর জেলা পর্যায়ে এ বছর শ্রেষ্ঠ 'জয়িতা সম্মাননা' পেয়েছেন ফোকলোর গবেষক আরমিন হোসেন। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সম্মাননা পান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসীম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী প্রমুখ।

সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত আরমিন জানান, এই সম্মাননা আমার কাছে নিঃসন্দেহে পরিশ্রমের স্বীকৃতি। আমি বেশ আনন্দিত ও অনুপ্রাণিত। গবেষণার প্রতি দায়িত্বটা আরো বেড়ে গেল। শিক্ষাজীবন থেকে কর্মজীবনে আসা সমস্ত প্রতিকূলতাকে মুখ্য না ভাবে সামনের জ্বাজ্যল্যমান আলোর দিকে অগ্রসর হয়েছি। আমি মনে করি, ইতিবাচক ভাবনা জীবনকে অনেকটাই সহজ করে দেয়। যারা আমাকে সম্মান প্রদানে বিবেচিত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।

সম্প্রতি গবেষক আরমিনের মৌলিক গবেষণা গ্রন্থসমূহ ইতোমধ্যে বেশ আলোচিত হয়েছে। যার ১টি ভারত থেকে প্রকাশিত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক জার্নালে ৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলা একাডেমির রিসার্চ ফেলো হিসেবে গবেষণা করেছেন। বর্তমানে মেট্রোপলিটন কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন তরুণ এই গবেষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত