কুমিল্লার কৃতি সন্তান ও নারী জাগরণের পথিকৃৎ নবাব ফয়জুন্নেছা চৌধুরানী এবং আন্তর্জাতিক মাতৃভাষার রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কালো কালি মাখা বিকৃত ছবি পরিষ্কার করতে এসে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নগরীর সার্কিট হাউজ মোড় এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের পিস্তলের বাটের আঘাতে তিনি আহত হয়েছেন বলে অভিযোগ করেন এ নেতা। চিকিৎসার জন্য তিনি নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
আবদুর রাজ্জাক বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক। এ ছাড়াও তিনি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির পদে আছেন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর উদ্যোগে সার্কিট হাউজ মোড়ে স্থাপিত দৃষ্টিনন্দন ম্যুরালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, ড. আখতার হামিদ খান, নবাব ফয়জুন্নেছা চৌধুরানী এবং বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলামের ছবিসহ বেশ কিছু প্রয়াত খ্যাতিমান ব্যক্তির ছবি স্থাপন করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার আন্দোলনের সময় কুমিল্লা নগরীর বেশ কিছু সরকারি বেসরকারি স্থাপনা ও ম্যুরালে হামলার ঘটনা ঘটে। হামলা থেকে রক্ষা পায়নি নগরীর সার্কিট হাউজ মোড়ে স্থাপিত ম্যুরালটিও। সেখানে থাকা প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের ছবির মধ্যে নবাব ফয়জুন্নেছা এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছবি কালো কালিতে বিকৃত করা হয়। গত চার মাসেও ছবি দুটি পরিষ্কার করার উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তাই মঙ্গলবার সকালে ছবি দুটি পরিষ্কার করতে গিয়ে হামলার শিকার হন বাসদ নেতা আব্দুর রাজ্জাক।
আহত বাসদ নেতা আব্দুর রাজ্জাক জানান, সকাল ৮টার দিকে তিনি একাই ছবি দুটি পরিষ্কার শুরু করেন। এ সময় ৭-৮ জন ব্যক্তি এসে তাকে ঘিরে ফেলেন। ৪০-৪৫ বছর বয়সী এক ব্যক্তি বেগম রোকেয়া ও ফয়জুন্নেছাকে আপত্তিকর ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, ওই দুই নারীই দেশের নারীদের শেষ করেছে। রফিকুল ইসলামের নাম নিয়ে বলেন, সে কীসের মুক্তিযোদ্ধা। আসল মুক্তিযুদ্ধ তো হয়েছে গত ৫ আগস্ট। এ সময় রাজ্জাক ওই ব্যক্তির আপত্তিকর এসব কথার প্রতিবাদ জানালে তাকে মারধর শুরু করা হয়।
একপর্যায়ে পিস্তল বের করে তার বাট দিয়ে চোখের বাম পাশে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাকে কিল ঘুষি ও লাথি মেরে আহত করা হয়।
আবদুর রাজ্জাক আরও জানান, ওই ব্যক্তি পিস্তল তাক করে বলে একেবারে গুলি করে মেরে ফেলব। তবে গুলি করার সময় হামলাকারীর সঙ্গে থাকা অন্য লোকজন তাকে রক্ষায় সামনে দাঁড়িয়ে গেলে তিনি রক্ষা পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা ওই হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ছবির ক্যাপশান: কুমিল্লার ম্যুরালের কালো কালি মাখা বিকৃত ছবি পরিষ্কার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা আব্দুর রাজ্জাক।
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ শ্যামল
সংখ্যালঘু হামলার ৮৮ মামলায় গ্রেপ্তার ৭০
১১ বছর পর শিবির কর্মীর লাশ উত্তোলন, কবরে মিলল বুলেট