নরসিংদীতে ছাত্রাবাস থেকে মিফতাজুল হাসান প্রতীক (১৮) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস সিটি হাউস থেকে প্রতীককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত মিফতাজুল হাসান প্রতীক ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। তিনি আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
সিটি হাউজ ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম বলেন, প্রতীক প্রতিদিনের ন্যায় সকালে কলেজে যায়। বিকেলে কলেজ ছুটির পর সে ছাত্রাবাসে এসে চতুর্থ তলায় তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে অন্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা আমাদের এসে জানালে আমরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে তার ছাত্রাবাসে গেলে তার বন্ধুরা আমাকে বাবা-মাকে লেখা একটি সান্ত্বনা দেওয়া চিরকুটসহ কয়েকটি চিরকুট দেয়। আমি এ গুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার পরিবার আসলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, মিফতাউল হাসান প্রতীক নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস লেগেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ছাত্রাবাসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা গ্রাফিতিগুলোতে ভাষা পেয়েছে: শিক্ষা উপদেষ্টা
‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অপুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ