মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপিকর্মীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় নাদিম হায়দার (৩৫) নামে এক সাংবাদিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলার আমলি আদালত-১-এর বিচারক জুলফিকার হোসেন রনি আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত সোমবার রাত ২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার উত্তর তাজপুর গ্রামের নিজ বাড়ি থেকে সাংবাদিক নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ। নাদিম হায়দার দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি উপজেলা তাঁতী লীগের সহসভাপতি। তিনি সিরাজদীখানের রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম হায়দারের ছেলে।
সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ মঞ্জিল গত ১ নভেম্বর সদর থানায় হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় পুলিশের তদন্তে তার নাম উঠে এসেছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপিকর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। গত ১ নভেম্বর গুলিবিদ্ধ মঞ্জিল বাদী হয়ে মামলা করেন।
