নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ বছরের শিশু সন্তান জুলফিকার জিহাদকে পানিতে ডুবিয়ে হত্যা করে পুলিশ ফাঁড়িতে গিয়ে হত্যার দায় স্বীকার করেছে পাষণ্ড বাবা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ডোবা থেকে শিশুর মরদেহ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে পুলিশ। উপজেলার আমলাবো এলাকায় ঘটে এ ঘটনা।
গ্রেপ্তারকৃত জুবায়ের হাসান নরসিংদী সদর থানাধীন নাগরিয়াকান্দি এলাকার হানিফ মিয়ার ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, গত দেড় মাস পূর্বে পারিবারিক কলহের জের ধরে শিশু জিহাদকে তার মা বাবার কাছে রেখে চলে যায়। এরপর থেকে জুবায়ের শিশু সন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এ দিকে চাকরির খোঁজে সন্তানকে নিয়ে গত সোমবার আসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন জুবায়ের। কোথাও কোনো কাজের সন্ধান পাননি। ছেলের বিভিন্ন আবদার না রাখতে পেরে ক্ষিপ্ত হয়ে জুবারের সোমবার সন্ধ্যার সময় আমলাবো এলাকায় মুন্সী ফিলিং ষ্টেশনের পাশে ডোবার পানিতে ডুবিয়ে জিহাদকে হত্যা করে কচুরিপানায় ডেকে রেখে যায়।
এ দিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে গিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন জুবায়ের। পরে জুবায়েরের দেওয়া তথ্য মতে ডোবা থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জে সড়কে প্রাণ গেল ২ জনের