বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তালুকদার মো. মনির নামে এক শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভে তেজগাঁও শিল্পাঞ্চল ও মহাখালীসহ আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে তারা। গ্রেপ্তার মনির বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে পল্টন থানায় হওয়া একটি মামলার আসামি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগপন্থি শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরের নামে পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় আজ বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। রাত সাড়ে ৮টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যায়।
জানা গেছে, মনিরের গ্রেপ্তারের পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে। সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হন। সাতরাস্তা মোড়, তিব্বত ক্রসিং এলাকাসহ আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিক নেতার মুক্তির দাবি জানিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
এর ফলে সড়কে আটকে গেছে হাজার-হাজার পরিবহন। ডাইভারশন দিয়েও রাস্তার পরিস্থিতি সামাল দিতে পারছে না ট্রাফিক পুলিশ।
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ দাস বলেন, আড়াই ঘণ্টা অবরোধে অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। পরে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।
গণহত্যার বিচার করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মেয়েরা ইতিহাস পরিবর্তনের নায়িকা: ড. ইউনূস