রাতভর ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার নৌবহর ধ্বংস

  • সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল
  • রাতভর হামলা চালিয়ে সিরিয়ার নৌবহর ধ্বংস করেছে দখলদার দেশটি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

সিরিয়াতে আসাদ সরকার পতনের পর গত দুই দিনে দেশটিতে ৪৮০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত সিরিয়ার সামরিক সম্পদ ধ্বংসের লক্ষ্যেই একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি।

এরই ধারাবাহিকতায় সিরিয়ার নৌবহরে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েল। খবর বিবিসি।

বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার পদক্ষেপ নেয়া হয়েছে, এটি তারই অংশ বলে জানিয়েছে ইসরায়েল।

এক বিবৃতিতে সোমবার রাতে সিরিয়ার আল-বায়দা এবং লাতাকিয়া বন্দরে আঘাত হানার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই বন্দরে সিরিয়ার নৌ বাহিনীর ১৫টি জাহাজ নোঙ্গর করা ছিলো।

হামলার পরে ধারণ করা লাতাকিয়া বন্দরের একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি। ওই ভিডিওতে সারি সারি জাহাজ আর বন্দরের একাংশের ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে।

এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায় যে, গত রোববার বিদ্রোহীদের হাতে বাশার আল–আসাদের সরকার পতনের পর থেকে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু জুড়ে ৩৫০টির বেশি হামলা চালিয়েছে তারা।

এর আগে লন্ডনভিত্তিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছিল যে, আসাদ সরকার পতনের পর থেকে সিরিয়াজুড়ে ৩১০টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্য হলো তাদের রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো কৌশলগত হুমকির সক্ষমতা নিশ্চিহ্ন করে দেওয়া—এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

হামলা চালিয়ে সিরিয়ার নৌবহর ধ্বংস করে দেওয়ার ঘটনাকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ‘বড় সাফল্য’ বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে হামলার বিস্তারিত তথ্য দিয়েছে আইডিএফ। সিরিয়ার রাজধানী দামেস্ক ছাড়াও দেশটির হোমস, তারতাস, পালমিরা শহরেও হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এসব হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার বিমানঘাঁটি, সামরিক যান, বিমান–বিধ্বংসী অস্ত্র, অস্ত্রের উৎপাদনক্ষেত্র, অস্ত্রাগারসহ বিভিন্ন অবকাঠামোকে।

ইসরায়েলের দাবি, সিরিয়ার সামরিক সক্ষমতাকে বিদ্রোহীদের দখলদারিত্ব থেকে রুখতে এসব হামলা চালানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত