কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ দুর্ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার (২৫) ও স্ত্রী মোমেনা বেগম (৪৫)।
পুলিশ জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ভিতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুরে নেওয়ার পথে মোমেনা বেগম মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।
ওসি মুনিরুল ইসলাম জানান, ‘লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারও কড়াকড়ি
দেব-রুক্মিণীর অভিমান কি সাজানো নাটক?