পাকিস্তানে 'গুম' হওয়া ছাত্রকে ফিরে পেতে বেলুচ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে 'গুম' হওয়া ছাত্র বায়ান্দুর বালোচকে ফিরে পেতে অবস্থান কর্মসূচি পালন করেছেন উথালের লাসবেলা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার, ওয়াটার অ্যান্ড মেরিন সায়েন্সেসের (এলইউএডব্লিউএমএস) শিক্ষার্থীরা। বায়ান্দুর বালোচের নিরাপদ মুক্তির দাবিতে বুধবার টানা পঞ্চম দিনের জন্য তাদের অবস্থান বিক্ষোভ অব্যাহত রেখেছে।

বেলুচিস্তান পোস্টের খবরে বলা হয়, বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি শিবির স্থাপন করেছে এবং বুধবার একটি সমাবেশ করেছে। এতে বালোচের পরিবারের সদস্যরা যোগ দিয়ে অবিলম্বে তার মুক্তির আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা বেলুচিস্তানে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরতে একটি সেমিনারেরও আয়োজন করে।

বায়ান্দুর বালোচের নিখোঁজ হওয়ার প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, চলমান বিক্ষোভ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মাধ্যমিক পরীক্ষা নিতে চাপ দিচ্ছে।

এলইউএডব্লিউএমএস-এর কৃষি বিভাগের ছাত্র বায়ান্দুর বালোচকে কয়েকদিন আগে উথাল বাজার থেকে তার বন্ধুদের সাথে আটক করা হয়েছিল বলে জানা গেছে। যদিও তার বন্ধুদের পরে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু বালোচ নিখোঁজ রয়েছে।

ছাত্ররা তার নিরাপত্তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাকে মুক্তি দেওয়ার বা আদালতে হাজির করার দাবি জানিয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত