বলিউডের জনপ্রিয় যুব অভিনেতা বরুণ ধাওয়ান তার অভিনয় জীবনের শুরুর দিকে শাহরুখ খান অভিনীত ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। ইংল্যান্ডের নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়িক শিক্ষা শেষ করার পর, বরুণ ধাওয়ান ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহরের মাই নেম ইজ খান ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর ২০১২ সালে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে অভিনয়ে পদার্পণ, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা।
‘কুলি নাম্বার ওয়ান’ খ্যাত এই তারকা জন্মগ্রহণ করেন ১৯৮৭ সালের ২৪ এপ্রিল। ভারতের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত অভিনেতাদের একজন বরুণ। তিনি ২০১৪ সালে ফোর্বস ইন্ডিয়ার ১০০ সেলিব্রিটির তালিকায় স্থান অর্জন করেছিলেন। তার অভিনয় জীবনে মেইন তেরা হিরো, বদলাপুর, সুই ধাগা, অক্টোবর এবং দুলহানিয়া ফ্র্যাঞ্চাইজির মতো সফল ছবিগুলোর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তিনি স্ত্রী ২ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন এবং সিটাডেল: হানি বানি সিরিজে সামান্থা রুথ প্রভুর সঙ্গে কাজ করেছেন। আগামী বছর তার নতুন সিনেমা বেবি জন এবং বর্ডার ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত ডজন খানেকের বেশি সিনেমায় অভিনয় করেছেন বরুণ।
ব্যক্তিগত জীবনেও বরুণ ধাওয়ান সুখী। ২০২১ সালে তিনি তার শৈশবকালীন বন্ধু নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের জুনে তাদের প্রথম মেয়ে সন্তান, লারা জন্মগ্রহণ করেছে। বরুণ সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়, যেখানে তার প্রায় ৪৬.৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং সেখানে তিনি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের একাধিক আপডেট শেয়ার করেন ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। বরুণ ধাওয়ানের ধারাবাহিক সফলতা তাকে বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে স্থান করে দিয়েছে।
