ফের পয়েন্ট খোয়াল আর্সেনাল, লিগ শীর্ষে ফেরার পথে বড় ধাক্কা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পিএম

এমিরেটস স্টেডিয়ামে শনিবার এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের এই ম্যাচে শুরু থেকে আক্রমণের ঢেউ তুলেও প্রতিপক্ষের রক্ষণ আর গোলরক্ষককে খুব একটা ভোগাতে পারেনি মিকেল আর্তেতার দল। টেবিলের নিচের দিকে থাকা এভারটনের বিপক্ষে এমন ফলাফল শীর্ষে ফেরার লড়াইয়ে তাদের জন্য বড় ধাক্কা।

লিগে টানা তিন জয়ের পর গত সপ্তাহে ফুলহ্যামের মাঠে ১-১ ড্র করেছিল আর্সেনাল। এবার ঘরের মাঠেও সাদামাটা পারফরম্যান্স তাদের হতাশ করল। যদিও শুরু থেকে খেলায় আধিপত্য ধরে রেখেছিল তারা। তবে গোলের জন্য প্রয়োজনীয় ধারাবাহিকতা আর সৃজনশীলতার অভাবে আরেকটি হতাশাজনক ড্র মেনে নিতে হয়েছে।

ম্যাচের প্রথমার্ধে আর্সেনাল গোলমুখে চারটি লক্ষ্যভ্রষ্ট শট নেয়। ২৯তম মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি তৈরি হয়। বুকায়ো সাকার পাস থেকে দারুণ অবস্থায় বল পান অধিনায়ক মার্টিন ওডেগোর, তবে তার শট এভারটনের রক্ষণ আর গোলরক্ষক মিলে ঠেকিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়।প্রথমার্ধের মতো এই অর্ধেও সাতটি শট নেয় আর্সেনাল। তবে প্রতিপক্ষের রক্ষণভাগে কোনো ফাটল ধরাতে পারেনি। এভারটনের রক্ষণদুর্গ তাদের জন্য অপ্রতিরোধ্যই থেকে যায়।

১৬ ম্যাচে ৮ জয় ও ৬ ড্র নিয়ে আর্সেনালের পয়েন্ট এখন ৩০। ফলে তারা রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে, ১৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চদশ স্থানে রয়েছে এভারটন।

দিনের অন্য ম্যাচে, লিভারপুল ২-২ গোলে ড্র করেছে ফুলহ্যামের বিপক্ষে। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।এবার শীর্ষ লড়াইয়ে ফিরতে আর্সেনালকে সামনের ম্যাচগুলোতে নিজেদের ধারাবাহিকতা বাড়াতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত