‘বিতর্কিত রেফারিংয়ের জন্য জয়বঞ্চিত মাদ্রিদ’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ এএম

রায়ো ভায়েকানোর মাঠে রোমাঞ্চকর ড্র করে লা লিগার শীর্ষ ওঠার সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। ১৭ ম‍্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান এখন দুইয়ে। দলের পারফর্মেন্স নিয়ে তেমন অভিযোগ না থাকলেও একটি পেনাল্টি না পাওয়ার আক্ষেপে জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের ৭৫তম মিনিটে ভাইয়েকানোর ডিফেন্ডার আব্দুল মুনিমের পায়ে লেগে বক্সের ভেতর পড়ে যান ভিনিসিউস জুনিয়র। রেফারি পেনাল্টি দেননি। ম্যাচের পর রিয়ালের ওয়েবসাইটে ম্যাচ রিপোর্টে লেখা হয়, ‘বিতর্কিত রেফারিংয়ের জন্য জয়বঞ্চিত মাদ্রিদ।’ রিয়াল কোচ আনচেলত্তিও কোনো রাখঢাক না রেখেই বলেছেন, ‘রিপ্লে দেখে আমার মনে হয়েছে, এটা খুবই স্পষ্ট। পরিষ্কার সুযোগ ছিল, পেনাল্টি।’

দলের পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচ তো প্রায় হেরেই গিয়েছিলাম। এরপর আমরা ঘুরে দাঁড়াই। ২-০ হয়ে যাওয়ার পর ৪৫ মিনিট আমরা খুব ভালো খেলেছি, অনেক সুযোগ তৈরি করেছি। ৩-৩ হয়ে যাওয়ার পর শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছি। এই ড্র একতাবদ্ধ এক দলের ড্র, যারা লড়াইয়ে হাল ছাড়েনি। আমি এটাই বলব যে আমরা সঠিক পথে আছি। আমি সন্তুষ্ট।’

তিনি আরও বলেন, ‘আজ প্রায় পরিপূর্ণ ম্যাচ খেলেছি। যদিও বেশ কিছু ভুলও ছিল। তবে শেষ পর্যন্ত ফলাফল বলছে, খুব একটা ভুগতে হয়নি। মায়োর্কার ম্যাচের পর, লাস পালমাসের বিপক্ষে ড্র করার পর আমি কিছুটা ভড়কে গিয়েছিলাম। ওই ম্যাচগুলি আমাকে দুর্ভাবনায় ফেলেছিল। মনে হচ্ছিল, এই মৌসুমে ভারসাম্য ও মানসিকতা ফিরে পাওয়া আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা তা খুঁজে পেয়েছি, তাই দুর্ভাবনা নেই।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত