আবার সেঞ্চুরি হাঁকালেন হেড, ভারতের বিপক্ষে হাজার রান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ এএম

ভারতকে পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন ট্রাভিস হেড। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার ব্রিসবেনে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও তার ব্যাট থেকে এলো তিন অংকের ইনিংস। স্টিভেন স্মিথের সঙ্গে তার চতুর্থ উইকেট জুটি পৌনে দুইশ রান ছাড়িয়ে গেছে। ছুটছে অস্ট্রেলিয়া।

বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন মাত্র ৮০ বল খেলা হয়েছিল। আজ রবিবার আবহাওয়া বেশ ভালো। এর মাঝে ৭৫ রানে ৩ উইকেট পতনের পর স্মিথ আর হেড দলের হাল ধরেন। ১১৫ বলে ১৩ বাউন্ডারিতে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ৩০ বছর বয়সী হেড। এই ইনিংস খেলার পথেই তিনি ভারতের বিপক্ষে হাজার রানের মাইফলক পেরিয়ে যান। টেস্ট ক্রিকেটে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এটাই ট্রাভিস হেডের সর্বোচ্চ রানের রেকর্ড।

অজি তারকার দ্বিতীয় সর্বোচ্চ ৯১০ রান করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। এই নিয়ে ভারতের বিপক্ষে ১৪* ম্যাচে তার চারটি সেঞ্চুরি হয়ে গেল, ফিফটিও চারটি। হেডের পাশাপাশি স্মিথও ১২৮ বলে ফিফটি পূরণ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৩ ওভারে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ২৬১ রান। স্মিথ ৭৪ এবং হেড ১২০ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত