কিংসটাউনকে এখন আর ‘মিরপুর’ মনে হচ্ছে না লিটনের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সেন্ট ভিনসেন্টের রাজধানী কিংসটাউনে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচও হবে একই ভেন্যুতে। কিন্তু কেমন হবে কিংসটাউনের উইকেট? বাংলাদেশ কি কোনো ধারণা পেয়েছে?

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সেন্ট ভিনসেন্টে তিনটা টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। মিরপুরের মতো ভীষণ মন্থর উইকেটে ব্যাটারদের ভুগতে হয়েছিল। কিন্তু মিরপুরে খেলে অভ্যস্ত টাইগাররা দুটি ম্যাচ জিতে নেয়। তিনটি ম্যাচে বাংলাদেশের রান হয়েছে যথাক্রমে- ১৫৯, ১০৬ এবং ১১৫। তবে এবার উইকেটে কিংসটাউনের উইকেট আগের মতো নেই বলে জানালেন লিটন দাস।

বিসিবির পাঠানো ভিডিওবার্তায় এই সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কিংসটাউনের উইকেট নিয়ে বলেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়ত ভিন্নভাবে বানিয়েছে। টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিন হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত