রানে ফিরেই সিলেট ছাড়লেন তামিম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পিএম

দীর্ঘ ২১৯ দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরে শুরুটা ভালো হয়নি তামিম ইকবালের। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির (এনসিএল) প্রথম ম্যাচে মাত্র ১৩ রানে আউট হন চট্টগ্রামের এই তারকা ব্যাটার। তবে পরের দুই ম্যাচে নিজের চেনা রূপে ফেরেন তিনি।

দ্বিতীয় ম্যাচেই ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৭ বলে ফিফটি করেন তামিম। ৩৩ বলে করেন ৬৫ রানের ইনিংস। এর পরের ম্যাচে বরিশালের বিপক্ষে আরও আক্রমণাত্মক হয়ে ৩৭ বলে ফিফটি করেন তিনি। সেই ম্যাচে ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৯১ রানে থেমে যান, খেলেন ৫৪ বলের ইনিংস।

এবারের জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে চার ম্যাচে ১৯০ রান করেছেন তামিম। তার ব্যাটিং গড় ৬৩.৩৩ এবং স্ট্রাইকরেট ১৫০.৭৯। এমন দুর্দান্তভাবে ফর্মে ফিরলেও এনসিএলের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না তার। চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

রবিবার রাতে সিলেট ছেড়ে ঢাকায় ফেরেন তামিম। সিলেট ছাড়ার আগে গণমাধ্যমকে তিনি বলেন, ‘দেখুন, আমার চারটা থেকে পাঁচটা ম্যাচ খেলার কথা ছিল। আমার প্রস্তুতি যতটুকু নেওয়ার কথা ছিল, আমার মনে হয় আমি সবটুকু করেছি।’

তামিমের অনুপস্থিতিতে চট্টগ্রাম বিভাগের জন্য বাকি ম্যাচগুলো চ্যালেঞ্জিং হতে পারে। চার রাউন্ড শেষে চট্টগ্রাম দুটি ম্যাচ জিতেছে, হারিয়েছে দুটি। তবে জাতীয় লিগে তার সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আশা জাগিয়েছে যে তামিম পুরোপুরি ফিট হয়ে বিপিএলে আলো ছড়াবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত