বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে ‘হ্যাপি স্ট্রিট’ উৎসব

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

মহান বিজয় দিবসের ৫৩তম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের পাঁচলাইশে ‘হ্যাপি স্ট্রিট’ নামে ভিন্নধর্মী এক উৎসবের আয়োজন করেছে ফ্রোবেল একাডেমি ও ফ্রোবেল প্লে স্কুল। সোমবার (১৬ ডিসেম্বর) নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ৫ ও ৬ নম্বর রোডের সংযোগ সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ব্যতিক্রমী আয়োজনে সংযোগ সড়কটিকে শিশুদের জন্য এক নিরাপদ খেলার মাঠে পরিণত করা হয়। মূলত ‘হ্যাপি স্ট্রিট’ হলো আধুনিক স্মার্ট স্ট্রিটের একটি ধারণা, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একতাবদ্ধ সুখী সমাজকে প্রতিফলিত করে। এই উৎসবে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, বাস্কেটবল, মার্শাল আর্ট, মৃৎশিল্প, টাগ অব ওয়ার, শিশুদের জোন, হপস্কচ, ম্যাজিক শো’র মতো বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছিল যেখানে বিনামূল্যে দর্শনার্থীরা ঘুরে বেড়ায় এবং উৎসবে অংশ নেয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে ফ্রোবেল একাডেমি এবং ফ্রোবেল প্লে স্কুল সমাজের সকল স্তরের শিশুদের জন্য নিরাপদ সড়ক নির্মাণ এবং বৈষম্যহীন একতাবদ্ধ সুখী সমাজ গঠন নিশ্চিত করার জন্য সবার সহযোগিতার অনুরোধ জানায়। ফ্রোবেল পাঁচলাইশ হাউজিং সোসাইটির কাছে কৃতজ্ঞ যে তারা এই অনুষ্ঠানের জন্য আবাসিকে সড়ক ব্যবহার করার অনুমতি দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সেলিম, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম সাইদুল ইসলাম বাবু, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী আবিদা সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহীনুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজ, ফ্রোবেল প্লে স্কুল এবং ফ্রোবেল একাডেমির পরিচালকরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত