স্কয়ার টেক্সটাইলস পিএলসি ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী তার শেয়ারহোল্ডারদের জন্যে ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বুধবার (১৮ ডিসেম্বের)ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত ২৯তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
স্কয়ার টেক্সটাইলস পিএলসির চেয়ারম্যান তপন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরীর, স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ ও মুহাম্মাদুল হক, হেড অব একাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল কর্মকর্তা মো. আমিনুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি সঞ্জীব বরন রায় উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মোট বিক্রয়, মোট মুনাফা ও নীট মুনাফা (করপরবর্তী) হয়েছে যথাক্রমে ১৮দশমিক ৯৩ বিলিয়ন টাকা, দুই দশমিক ৩৩ বিলিয়ন টাকা ও এক দশমিক আট বিলিয়ন টাকা। কোম্পানির বিক্রয়, মোট মুনাফা এও নীট মুনাফা (করপরবর্তী) বেড়েছে যথাক্রমে ২৬ দশমিক ৪৫, ২৪ দশমিক ২৯ এবং শূন্য দশমিক ৯৮ শতাংশ এবং ২৬৪ দশমিক ৯৩ মিলিয়ন টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।
এ সময় পরিচালক পর্ষদ সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নিরলস প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ দেন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জেস, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।
