মেহজাবীনের দুঃখ প্রকাশ ও এক মিনিট নিরবতা পালন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

নিজের অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণায় আজ বুধবার বিকেলে পুরো টিম নিয়ে টিএসসি-তে উপস্থিত হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। সেখানে টিএসসির দেয়ালে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের অভিনীত সিনেমার পোস্টার লাগাতে দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত বিষয়টি বুঝতে পেরে অনুতপ্ত মেহজাবীন ও তার টিম।

এক ফেসবুক স্ট্যাটাসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে মেহজাবীন লিখেন, ‘‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। 

ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত  যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।’

সবশেষে তিনি আরও লিখেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য।’ 

প্রসঙ্গত, আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত