এলপিজির ১২ কেজির দাম বাড়ল ২২৩ টাকা

বেড়েছে সব ধরনের চার্জ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:২০ এএম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল সোমবার সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। নতুন দর গতকাল রাত ৮টার পর থেকে কার্যকর হওয়ার কথাও জানানো হয় প্রজ্ঞাপনে। বিইআরসি জানিয়েছে, গত সপ্তাহে এলপিজি ব্যবসায়ীদের দাম বাড়ানোর আবেদনের শুনানি করে নতুন এই দাম নির্ধারণ করা হলো। এলপিজির দাম বাড়ানোর সঙ্গে বাড়ানো হয়েছে এলপিজি অপারেটর, ডিস্ট্রিবিউটর এবং খুচরা বিক্রেতাদের কমিশন।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪.৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস সেপ্টেম্বর মাস প্রতি লিটারের দাম ছিল ৭৩.০৯ টাকা। পাশাপাশি বাড়ানো হয়েছে বিক্রেতাদের কমিশনও। এ ছাড়া আমদানিকারকদের মজুদকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। এসব চার্জ বাড়ানোর জন্যই সম্প্রতি ব্যবসায়ীরা আন্দোলন করছিলেন।

অন্যদিকে ভোক্তা পর্যায়ে ১২.৫০ কেজির সরকারি এলপিজির দাম ১ হাজার ৮৬০ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অস্থির হয়ে পড়ে এলপিজির বাজার। অন্তর্জাতিক বাজারদর ঊর্ধমূখী হলে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। এতে করে ১৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২২০০ থেকে ২৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত