অবৈধ অনুপ্রবেশ

পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ওয়াসিম (১৫) নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

ওয়াসিমকে ফিরিয়ে আনতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ৪-৫ জন কিশোর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকা পাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, বিকেলে সেনপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৪-৫ কিশোর। পরে তাদের একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। আটক কিশোরকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হচ্ছে। আশা করছি রাতেই তাকে দেশে ফেরানো সম্ভব হবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, আমরা পতাকা বৈঠকের আহ্বান করেছি। রাতেই ওয়াসিমকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা সীমান্তবর্তী মানুষের মাঝে জনসচেতনামূলক সভা করছি। কেউ যাতে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম না করে সেটা বোঝানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত