বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে তিনি লাইমলাইটে আসেন। তাকে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তখনকার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটি মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবছরই শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা, যেটার শুরুতে তাকে বেশ লড়াই করতে হয়েছে। অবশেষে জাকের আলী অনিক খুঁজে পেলেন ছন্দ। ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে শেষ হলো তার স্বপ্নের সফর।
আন্তর্জাতিক ক্রিকেটে এবছরই যাত্রা শুরু হয় জাকের আলীর। যদিও ২০২৩ সালে হাংজু গেমসে তার টি-টোয়েন্টি অভিষেক হিসেবে ধরা হয়। কিন্তু গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তার মূলধারার আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাই আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে জাকেরের মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল। শুরু হয়েছিল সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছিলেন, মোহাম্মদ সালাউদ্দিন কি সোনা চিনতে ভুল করলেন? নাহ, শেষ পর্যন্ত ক্যারিবিয়ান সফর দিয়ে নিজেকে প্রমাণ করলেন জাকের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৪ ইনিংসে ৪৪ গড়ে ১৭৬ রান করে হয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রান ছিল যথাক্রমে ৫৩, ৩১, ১ এবং ৯১। এর মাঝে শেষ টেস্টে ৯১ রানের ইনিংসটি বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছিল। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচে জাকের খেলেছেন যথাক্রমে- ৪৮, ৩ এবং অপরাজিত ৬২ রানের ইনিংস। ৫৬.৫০ গড়ে ১১৩ রান করে হয়েছেন দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
আজ শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে জাকের ছিলেন আরও দুর্দান্ত। ৩ ম্যাচে ৬০ গড়ে করেছেন ১২০ রান। তার ইনিংসগুলো যথাক্রমে- ২৭ বলে ২৭, ২০ বলে ২১ এবং আজ শেষ ম্যাচে খেললেন ৪১ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তার ইনিংসে ভর করেই ১৮৯ রানের বড় স্কোর গড়ে ৮০ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ বছরের মতো টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট শেষ হয়ে গেল। সামনেই বিপিএল। নতুন বছরে নতুন চ্যালেঞ্জ গ্রহণের আগে নিজেকে আরও ঝালিয়ে নিতে পারবেন জাকের।
ছেলেদের সবসময় বলি চাপ নয়, উপভোগ কর: লিটন দাস
একের ভেতর তিন, নাকি তিনে মিলে এক?
বছর শেষে র্যাঙ্কিংয়ের চূড়ায় আর্জেন্টিনা, পাঁচ নম্বরে ব্রাজিল