ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন, যাদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আজমের রোডে একটি পেট্রোল পাম্পের বাইরে এ দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি ট্যাঙ্কার পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল, ট্রাকের ধাক্কায় সেটিতে আগুন ধরে যায়।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। এনডিটিভি লিখেছে, আগুনে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি যানবাহন পুড়ে যায়। ঘটনার পর বিশাল আগুনের শিখা এবং কালো ধোঁয়ার মেঘ কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
