দেখতে দেখতে বলিউডে প্রায় ১১ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী তাপসী পান্নু। এই অভিনেত্রী চলচ্চিত্রের পাশাপাশি নানা বক্তব্যর কারণে সবসময়ই আলোচনায় থাকেন। বহিরাগত হিসেবে বলিউডে প্রবেশ তাপসীর, কারও সহযোগিতা ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউড জগতে। সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্রী হয়েও বেছে নিয়েছিলেন অভিনয়ের পথ। অনেকেই তাপসীকে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তুলনা করেন। কেউ কেউ আবার জয়া বচ্চনের সঙ্গে তার মিল খুঁজে পান। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য বারবার শিরোনামে এসেছেন জয়া বচ্চন। বিভিন্ন সময় তাপসীও একই রকম ব্যবহার করেছেন সাংবাদিকদের সঙ্গে।
এবার তাপসী তার আসন্ন সিনেমা গান্ধারি’র শুটিং শুরু করেছেন। সিনেমাটিতে তিনি একজন প্রতিশোধপরায়ণ মায়ের চরিত্রে অভিনয় করবেন। তবে সিনেমায় তার লুক এবং চরিত্রের বিশদ এখনো গোপন রাখা হয়েছে। এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি মা ও সন্তানের গভীর বন্ধনের কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে। এটি লেখক-প্রযোজক কানিকা ধিল্লনের প্রযোজনা সংস্থা কথা পিকচার্স-এর দ্বিতীয় প্রজেক্ট, যা দো পাত্তির পর মুক্তি পেতে চলেছে। দো পাত্তি-তে অভিনয় করেছিলেন
কৃতি শ্যানন ও কাজল। গান্ধারি সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা, যিনি অজ্জি, ভোঁসলে এবং জোরাম ছবির জন্য প্রশংসিত হয়েছেন। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কানিকা ধিল্লন, যিনি তাপসী পান্নুর সঙ্গে এর আগেও হাসিন দিলরুবা, ফির আয়ি হাসিন দিলরুবা, মনমর্জিয়া এবং রশ্মি রকেট-এ কাজ করেছেন।
তাপসী পান্নু ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে গান্ধারি’র শুটিং শুরুর ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, ‘প্রভু, আমাকে এমন শক্তি দাও, যাতে আমি কখনো ভালো কাজের পথ থেকে বিচ্যুত না হই। শত্রুর মুখোমুখি হয়ে সাহসের সঙ্গে যুদ্ধ করতে পারি এবং বিজয়ী হই। আমার মন যেন শুধু তোমারই গুণগান করে। আর যখন সময় আসবে, যেন আমি বীরত্বের সঙ্গে যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করি।’
এই সিনেমার মাধ্যমে তাপসী পান্নু তার অভিনয় দক্ষতা এবং শক্তিশালী চরিত্রের মধ্য দিয়ে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে।
তেলুগু ছবি দিয়ে ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন তাপসী। ২০১০ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘ঝুম্মান্দি নাদাম’-এর মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তাপসী তেলুগু, তামিল এবং মালয়ালম এই তিনটি ভাষার ছবিতেই কাজ করেছেন। সর্বশেষ তাকে অভিনয় করতে দেখা গেছে ‘ফির আয়ি হাসিনা দিলরুবা’ সিনেমায়। এই সিনেমাটি ২০২১-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাসিন দিলরুবা’- এর সিক্যুয়েল। বিক্রান্ত মেসি এবং সানি কৌশল অভিনীত এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন তাপসী। চলতি বছর মুক্তি পেয়েছে তাপসী অভিনীত আরও একটি ছবি ‘খেল খেল মে’।
অনলাইন অবলম্বনে
