আর কোনও রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: রেজাউল করিম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

আজ শনিবার সকালে চকবাজারের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে চকবাজার মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক। আমরা কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশ হতে চাই। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। পুলিশ ও জনগণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। অন্যায় যেই করুক না কেন তাকেই আইনের আওতায় আনা হবে। পুলিশ আইনের রক্ষক হিসেবে কাজ করবে। ব্যবসায়ী ও নাগরিক সমাজ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য কাজ করে যাবে পুলিশ।

তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা আবার নতুন করে গড়তে চাই। এই বাংলাদেশকে আপনাদের সহযোগিতায় সুখি ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করতে চাই।

তিনি আরো বলেন, আমরা আর কোনও রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না। আমরা জনগণের পুলিশ হতে চাই। আমরা আপনাদের আমাদের সর্বোচ্চ সেবাটা দিতে চাই।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ৫ আগস্টের পর পুলিশে অনেক পরিবর্তন এসেছে। পরিবর্তন একটি সামগ্রিক বিষয়। আমাদের পেশাগত কাজে আপনাদের সুচিন্তিত পরামর্শ চাই। আমরা যে পরিবর্তন চাই সেটা হবে জনকল্যাণমূখী। যেকোনও সমস্যার সমাধান পুলিশ ও জনগণ উভয়ের সমন্বয়ে করলে তা আরও সহজ হবে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়সভায় লালবাগ বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত