মশা নিয়ন্ত্রণে মেয়র শাহাদাতের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ এএম

ডেঙ্গু ও কিউলেক্স থেকে চট্টগ্রাম নগরবাসীকে বাঁচাতে মশা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’র ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও কৌশল খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল রবিবার টাইগারপাসে চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ শাখার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘মশার ব্যাপারে জিরো টলারেন্স। মশার ব্যাপারে যেভাবে হোক আমাদের একটা জায়গায় আসতে হবে। জনগণকে যাতে মশার কামড় খেয়ে হসপিটালে আসতে না হয়, কিংবা মৃত্যুবরণ না করে কিংবা মশার যন্ত্রণা যাতে তাদের সইতে না হয়।’

তিনি আরও বলেন, ‘যেসব পরিচ্ছন্নকর্মী মশার স্প্রে করার ক্ষেত্রে গাফিলতি করছে তাদের অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা হবে। কেউ কাজে ফাঁকিবাজি করলে এটার দায়দায়িত্ব সংশ্লিষ্ট সুপারভাইজারদের নিতে হবে। প্রয়োজন হলে নতুন লোক দিয়ে কাজ করাব। কারণ জনগণ দুর্ভোগে পড়লে এটার দায়দায়িত্ব স্বাভাবিকভাবে আমাদেরকেই নিতে হবে।’

মেয়র বলেন, ‘বর্তমানে সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে যেসব ওষুধ ব্যবহার করছে তার মান যদি ভালো না হয়ে থাকে তাহলে আপনারা নতুন ওষুধের সন্ধান করুন। কোনো কোম্পানি যদি ভালো ওষুধের সন্ধান দিতে পারে সেগুলো আমরা সংগ্রহ করব। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত