ঈদে আসার প্রস্তুতি নিচ্ছি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পিএম

একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত চিত্রনায়ক জিয়াউল রোশান। এর মধ্যে তিন সিনেমার শুটিং সম্পন্ন, একদম মুক্তির জন্য প্রস্তুত। এর মধ্যে দুটি সিনেমা দুই ঈদে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানালেন এই নায়ক।

‘পুলসিরাত’, ‘জামদানি’ এবং ‘প্রেম পুরাণ’ এই তিন সিনেমার শুটিং, ডাবিং সবই সম্পন্ন। মুক্তির প্রস্তুতির কথা জানিয়ে রোশান দেশ রূপান্তরকে বলেন, ‘এই তিনটি সিনেমার কাজ একদম কমপ্লিট। এর মধ্যে “পুলসিরাত” এবং “জামদানি” দুই ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। আমরা সেভাবেই পরিকল্পনা করছি এখন।’

আসন্ন ঈদুল ফিতরে আরও বেশ কিছু সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। যা ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে। অনেক সিনেমার ভিড়ে আপনার সিনেমা নিয়ে আসাটা কি ঝুঁকি মনে হয়? এমন প্রশ্নে এই নায়কের উত্তর, ‘আমার কাছে বিষয়টা তেমন মনে হয় না। অনেকগুলো সিনেমা একসঙ্গে এলে এতে প্রতিযোগিতা বাড়ে। “পুলসিরাত”-এর কথা বলি বা “জামদানি”র, দুটো সিনেমাই বেশ ভালো। এই সিনেমা দুটি ঈদে মুক্তি পাওয়ার মতোই সিনেমা এবং অবশ্যই প্রতিযোগিতা করার মতো। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে।’

রোশান আরও বলেন, ‘গত দুই ঈদে আমার দুই সিনেমা “মায়া দ্য লাভ” এবং “রিভেঞ্জ” মুক্তি পেয়েছে। এখনো যে সিনেমাগুলো আছে সেগুলো নিয়েও আমি অনেক বেশি আশাবাদী। আমার কাছে মনে হয়, সময়ের কাজ সময়ে দেখানো উচিত। দেখা যায় একটা সিনেমার কাজ অনেক দিন আগে করেছি কিন্তু সেটা মুক্তি পেয়েছে কয়েক বছর পর। তখন কিন্তু আর সেই কাজটা উপভোগ্য হয় না। এজন্য সিনেমার কাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সেটা মুক্তি দেওয়া উচিত। না হলে দর্শকরা সেটা গ্রহণ করে না।’

এদিকে অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমাটি শেষ হয়েছিল চার বছর আগে। কিন্তু সেন্সর জটিলতায় পরে সেটিকে নিষিদ্ধ করা হয়। এরপর নতুন করে আপিল করলে পরে সেটিকে আবারও নিষিদ্ধ করা হয়। অবশেষে নানা জটিলতা পার করে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড কর্র্তৃক ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তবে অশ্লীল সংলাপ থাকায় তা পরিবর্ধন করে মুক্তির অনুমতি দেওয়া হয়।

এই সিনেমাটি প্রসঙ্গে জিয়াউল রোশান বলেন, ‘সিনেমাটির কাজ শেষ করেছিলাম অনেক বছর আগে। সেন্সর জটিলতায় সেটির মুক্তি আটকে যায়। কিন্তু আমার কাছে মনে হয়নি যে, এই ছবিতে অশ্লীল কোনো কিছু আছে। খুবই সুন্দর একটা গল্প এবং ভালো নির্মাণ। দর্শক পছন্দ হওয়ার মতো সিনেমা। সিনেমাটি ওটিটিতে রিলিজ হয়েছে অনেক আগেই। তবে দর্শক তো এখনো দেখেনি সিনেমাটি। প্রেক্ষাগৃহে এলে দর্শকরা উপভোগ করবে।’

এর বাইরে রোশানের ‘অপারেশন জ্যাকপট’ এবং ‘লন্ডন লাভ’ নামে দুটি সিনেমার শুটিং চলমান। এ ছাড়া আরও নতুন দুটি সিনেমা নিয়ে কথা হচ্ছে বলে জানান তিনি। খুব শিগগিরই হয়তো দেবেন সুখবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত