ছাত্র আন্দোলনে গুলি ছোড়া স্বেচ্ছাসেবক লীগের সেই মিঠুন গ্রেপ্তার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন চক্রবর্তীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে  ফেনী সদরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

এ বিষয়ে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে দামপাড়ায় নগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপির উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, আরেকজনের কাছ থেকে ধার করা বিদেশি পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিলেন মিঠুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন মিঠুন। ছাত্র আন্দোলনে ব্যবহার করা তার অস্ত্রটি উদ্ধারে শিগগির অভিযান পরিচালনা করা হবে।

সিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন চক্রবর্তী চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে আছেন। ধার করা বিদেশি পিস্তল দিয়ে তিনি ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিলেন। 

সংবাদ সম্মেলনে উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল তখন মিঠুন প্রকাশ্যে গুলি চালিয়ে হামলা চালায়। এ ধরণের একটি ভিডিও আমরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ভিডিও দেখে আমরা তাকে শনাক্ত করি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পাঁচলাইশ থানার একটি মামলায় মিঠুন এজাহারনামীয় আসামি বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, মিঠুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সম্পৃক্ততা আমরা পেয়েছি। ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী ছিলেন তিনি। টিনুর সহযোগিতায় মিঠুন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলে আমাদের কাছে তথ্য আছে। তাকে সোমবার আমরা আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত