কাবাডি নিয়ে বিতর্ক কাটছেই না। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি বসিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনে। আবার ক্রীড়াঙ্গনের নিয়ন্তা সংস্থাই কদিন পর থেকে অ্যাডহক কমিটিকে বিতর্কিত আখ্যা দিচ্ছে তাদের দাপ্তরিক চিঠিতে। একবার তারা অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদককে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তদন্ত কমিটি গঠন করে। পরক্ষণেই ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠনের নিন্দা জানিয়ে পাল্টা চিঠি দেয়। এর মধ্যেই নয়া অ্যাডহক কমিটি সাড়ম্বরে আয়োজন করেছে বিজয় দিবস কাবাডি। যার ফাইনালও বিতর্কিত হলো নির্লজ্জ রেফারিংয়ে।
সবার শঙ্কা ছিল পুরুষ বিভাগের ফাইনাল নিয়ে। সবার অনুমান মিথ্যে করে সেই ফাইনালটা হলো বিতর্কহীন। তবে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষপর্যন্ত অবশ্য তারকাখচিত বাংলাদেশ নৌবাহিনী ৩৮-৩৬ পয়েন্টে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে পুনরুদ্ধার করেছে শিরোপা। তবে নারী বিভাগের ফাইনাল বারবার কলঙ্কিত হয়েছে দুর্বল ও পক্ষপাতিত্বমূলক রেফারিংয়ে। এর শিকার বাংলাদেশ আনসারকে তারা হারিয়েছে ২৬-১৬ পয়েন্টে।
প্রথমার্ধ শেষ হয় ১০-১০ পয়েন্টে। তবে অনেকটা সময় খেলা বন্ধ থাকে একটি রিভিউর ঘটনায়। আনসারের সেরা রেইডার রাত্রী একটি রেইডে চারজনকে আউট করে টাচলাইন ছুঁয়েছিলেন। তবে রেফারিরা আনসারের বিপক্ষে সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্তের বিরোধিতা করে রিভিউ নেয় আনসার। ভিডিও রেফারেলে দেখা যায় রাত্রি ঠিকই টাচলাইন ছুঁয়েছেন। অথচ ভিডিও রেফারি ও ফিল্ড রেফারিরা অবিশ্বাস্যভাবে নিজের আগের সিদ্ধান্তেই অটল থাকেন। এ নিয়ে বারবার উত্তেজনা ছড়িয়েছে ম্যাটে। মঞ্চে উপস্থিত অতিথিরাও হয়েছেন উদ্বিগ্ন। পরে ফেডারেশনের এক সহসভাপতির মধ্যস্থতায় সেই রেইড বাতিল করে আবারও আনসারকে রেইড দিতে বলা হয়। অন্যায় সিদ্ধান্ত মেনে নিলেও আনসার অবশ্য ম্যাটে আর পেরে ওঠেনি। দ্বিতীয়ার্ধে পুলিশ বারবার ব্যবধান বাড়িয়ে ম্যাচটা জিতে নেয় ২৬-১৬ পয়েন্টে। ম্যাচ শেষে আনসারের খেলোয়াড়, কোচরা এ অন্যায়ের প্রতিবাদ করে গেছেন পুরোটা সময়। দলের অন্যতম কোচ সাবেক কাবাডি খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘আমাদের সঙ্গে আজকে যেটা হলো, সেটা মানা ভীষণ কঠিন। এ রকম রেফারিংয়ে দেশের কাবাডি শেষ হয়ে যাবে।’
এর আগে পুরুষদের ফাইনালে ১২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করলেও বিমানবাহিনী দারুণভাবে ফিরে আসে ম্যাচে। একটা সময় দুদলের পয়েন্ট সমান ৩৪ পয়েন্ট হয়। তবে বিমানবাহিনীর ছন্দপতন ঘটে টুর্নামেন্টসেরা খেলোয়াড় দিপায়ন গোলদারের চোটের কারণে। গুরুতর আঘাত পেয়ে ম্যাট ছাড়তে হয় তাকে। শেষ দিকে তুহিন তরফদার অসাধারণ রেইডে ব্যবধান বাড়িয়ে শেষপর্যন্ত নৌবাহিনীকে জয় এনে দেন। ফাইনালের সেরাও হন তিনি। টুর্নামেন্টের সেরা রেইডার হন বিমানবাহিনীর মিজান আহমেদ। সেরা ক্যাচার হন নৌবাহিনীর নাসির উদ্দিন।
দুই ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
