নারীর লাশ পোড়াচ্ছিলেন যুবলীগ নেতার ছেলে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীর পুড়িয়ে ফেলা খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকা থেকে ওই নারীর পোড়া দেহ এবং বেলা ৩টার দিকে মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম শারমিন বেগম ওরফে হরলুজা বেগম (৪৭)। তিনি উপজেলার হীরাপুর এলাকার মো. নুরুল ইসলামের (৬২) স্ত্রী। আটক যুবকের নাম ফারহান রনি (২৮)। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে।

ফারহান এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আটক ফারহান গতকাল ভোরে ওই নারীকে ডেকে নিয়ে যান। তবে কী কারণে তাকে সেখানে নেওয়া হয় কিংবা কেন হত্যা করা হয়, এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি। এলাকাবাসী জানায়, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। গতকাল সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভূঁইয়ার জমিতে পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় কয়েকজন। সেখানে থাকা ফারহান রনি জানান, তিনি পাতা পোড়াচ্ছেন। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী হচ্ছে দেখতে চান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেন। এতে সন্দেহ আরও বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষ উদ্ধার করে। তবে পুরো শরীর পুড়ে যাওয়ায় এবং উদ্ধার করা দেহাবশেষে মাথা না থাকায় প্রথমে লাশের লিঙ্গ নির্ধারণ করতে পারেনি পুলিশ। পোড়া হাতে চুড়ি থাকায় দেহটি প্রাথমিকভাবে নারীর বলে ধারণা করা হয়। পরে দুপুরে মাথা উদ্ধারের পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আটক ফারহান রনির দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে ২০০-৩০০ গজ দূরে পুকুরের পাশের একটি ফসলি জমি খনন করে মাটির নিচ থেকে মাথা উদ্ধার করে। এরপর লাশটি শারমিন বেগমের বলে শনাক্ত করা হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, ওই নারীর দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত