আবাসন খাতের বৃহত্তম আয়োজন রিহ্যাব ফেয়ারে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। গত সোমবার বিকেলে উদ্বোধনের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখরিত আগারগাঁওয়ের বিআইসিসি প্রাঙ্গণ। গতকাল মঙ্গলবার দিনের বেলা মেলায় দর্শনার্থী সংখ্যা কিছুটা কম থাকলেও সন্ধ্যার দিকে তা বাড়তে থাকে। একসঙ্গে অনেক কোম্পানির ফ্ল্যাট ও প্লটসহ বাড়ি নির্মাণ এবং কেনার নানা উপকরণ সম্পর্কে ধারণা নিতে আসছেন বেশিরভাগ দর্শনার্থী। ফ্ল্যাট এবং প্লট বুকিংও দিয়েছেন কেউ কেউ।
আয়োজকরা বলছেন, এক ছাতার নিচে সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় রিহ্যাব ফেয়ার ঘিরে ক্রেতা-বিক্রেতাদের বাড়তি আগ্রহ রয়েছে। এই ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশ ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রাখছে। অন্যদিকে প্রবাসী ক্রেতারা দেশে তাদের পছন্দের আবাসন খুঁজে পাচ্ছেন। আবার এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করে চলেছে এই ফেয়ার।
ঢাকা মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস পাস করা নিলয় এসেছেন প্লট ও ফ্ল্যাটের দাম যাচাই করতে। মাকে সঙ্গে নিয়ে এই স্টল থেকে ওই স্টল দীর্ঘক্ষণ ঘুরে দেখেছেন। আলাপকালে তিনি জানান, রিহ্যাব ফেয়ার আমাদের জন্য বড় একটি সুযোগ। এক সঙ্গে সব পাচ্ছি। এই মেলা শেষ হওয়ার পর, পাঁচটি কোম্পানির দাম যাচাই করতে আমাকে পাঁচটি অফিসে যেতে হবে। আর এখানে একসঙ্গে দুই শতাধিক স্টল ভিজিট করতে পেরেছি।
সরকারি চাকরিজীবী এমদাদুল হক জানান, এই মুহূর্তে ফ্ল্যাট বা প্লট কেনার মতো টাকা তার হাতে নেই। তবে সন্তানের ভবিষ্যতের জন্য একটা ঠাঁই তো খুুঁজতেই হবে। মেলায় এসে ফ্ল্যাট ও প্লটের দামসহ নানা বিষয় সম্পর্কে ধারণা নিচ্ছেন তিনি।
পাঁচ দিনব্যাপী আবাসন খাতের এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান জানান, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬তম ফেয়ার। এ ছাড়া চট্টগ্রামে ১৫টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতারে একটি করে এবং দুবাইতে দুটি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে।
রিহ্যাব ফেয়ারে ২২০টি স্টল রয়েছে। এই ফেয়ারে পাঁচটি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) কাজে ব্যয় করা হবে। টিকিটের র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার।.
