নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত মাদার কালার নামের একটি গার্মেন্টস কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩ স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিপুল পরিমাণ কাপড় ও এক্সেসরিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গার্মেন্টসটির নিচতলার গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে মাদার কালার নামের গার্মেন্টস কারখানার গোডাউনে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে কারখানার লোকজন প্রথমে ফতুল্লা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফতুল্লার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ৩টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফতুল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, আগুন লাগার পর ফতুল্লার ২টি, নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিসের ডিএডিসহ ২টি ও পাগলার ১টি ইউনিট নিয়ে মোট ৫টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাপড় ও এক্সেসরিজসহ গোডাউনের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুড়িয়ে ফেলা নারীকে হত্যার বিষয়ে ফারহানের অসংলগ্ন তথ্য
স্বদেশে ফিরতে রোহিঙ্গাদের গণসমাবেশ