বছরের পর বছর ধরে বাংলাদেশের ক্রিকেট মিরপুর কেন্দ্রিক হয়ে উঠেছে। অনুশীলন, জিমনেশিয়ামসহ আধুনিক সব সুযোগসুবিধা কেবল এই মিরপুরেই আছে। ঢাকার বাইরের অনুশীলন সুবিধায় ঘাটতির কথা গণমাধ্যমে বহুবার উঠে এসেছে। কিন্তু বিসিবি লক্ষ্যণীয় কোনো উদ্যোগ নেয়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যাওয়া বিসিবি থেকে এই উদ্যোগ আশা করছেন সাব্বির রহমান।
মাঠ ও মাঠের বাইরে নানা কারণে আলোচিত-সমালোচিত সাব্বির গত দুই বছর ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বর্তমানে তিনি দলে ফেরার লড়াই করছেন। বিপিএলের গত আসরে সাব্বিরের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। আসন্ন বিপিএলে সাব্বির খেলবেন ঢাকা ক্যাপিলটসের হয়ে। এই টুর্নামেন্টে ভালো খেলে জাতীয় দলে ফেরার পথ তৈরি করতে চান ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
আজ বুধবার মিরপুরে বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে ব্যক্তিগত অনুশীলন করার পর গণমাধ্যমকে সাব্বির বলেন, ‘জাতীয় দলে ফেরার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান? যদি মিরপুরে করেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে, অনেক ব্যস্ততা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায়, যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের আশপাশে থাকবে, তারা সেগুলো ব্যবহার করতে পারবে। মেশিন বা (কংক্রিট) স্ল্যাব ব্যবহার করতে পারবে।’
নিজের যুক্তি তুলে ধরে ২০১৪ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া সাব্বির আরও বলেন, ‘আমি নিজের খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। এই (অনুশীলন সুবিধার) পরিকল্পনা সব বিভাগের জন্য করা উচিত। যেন এই সুবিধা কাজে লাগিয়ে যে কেউ দলে কামব্যাক করতে পারে।’
মান বাঁচাতে আর্জেন্টিনার ‘নতুন মেসি’কে দলে টানছেন গার্দিওলা
চ্যাম্পিয়নস ট্রফির কঠিন গ্রুপে কতটা সফল হবে বাংলাদেশ?
বক্সিং ডে টেস্ট কী? কেন একে ‘বক্সিং ডে’ বলা হয়?