আন্তরিক অথচ স্নিগ্ধ আয়োজনে পূর্বাচলের ক্যাডেট কলেজ ক্লাবে হয়ে গেল সাংবাদিক কথাসাহিত্যিক মোস্তফা মামুনের পঞ্চাশ বছর পূর্তি সংকলন ‘সুবর্ণ মাত্রায় মোস্তফা মামুন’-এর মোড়ক উন্মোচন আয়োজন। গান ও কথামালায় সাজানো সন্ধ্যায় শুরু হওয়া আয়োজনটি মুগ্ধ দর্শক-শ্রোতাদের ধরে রেখেছে প্রায় মধ্যরাত পর্যন্ত। কবি শিমুল সালাহ্উদ্দিনের প্রাণবন্ত উপস্থাপনায় এ আয়োজনে দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুনের প্রিয় গানগুলো আলাপের ফাঁকে ফাঁকে গেয়ে শোনান শিল্পী সেলিমা ওসমান শর্মী।
সুবর্ণ মাত্রায় মোস্তফা মামুন বইটির সম্পাদনা পর্ষদের সভাপতি প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন শুরু করেন মোস্তফা মামুনকে নিয়ে কথার ঝাঁপি। তিনি একই সঙ্গে বড় সাংবাদিক ও বড় কথাসাহিত্যিক হিসেবে আমাদের সাংবাদিকতা ও সাহিত্যে বড় অবদান রাখবে তার প্রিয় মোস্তফা মামুন এমন আশাবাদ ব্যক্ত করেন। ইমদাদুল হক মিলন ছাড়াও লেখক, সাহিত্যিক, কবি ও সাংবাদিকরা আয়োজনে মোস্তফা মামুনকে নিয়ে কথা বলেন। লেখকদের মধ্যে ছিলেন শাকুর মজিদ, রাজীব নূর, গোলাম কিবরিয়াসহ অনেকে। আলাদা করে কথা বলেন ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াবিদ ও সংগঠকরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ও বাফুফের ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকরাম খান, ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম ছাড়াও অনেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ছিলেন ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয়সহ মোস্তফা মামুনের জীবনের নানা পর্যায়ের বন্ধুরা। তাদের বক্তব্যে উঠে আসে মোস্তফা মামুনের জীবনের নানা দিক। মোস্তফা মামুনের বন্ধুদের মধ্যে রফিকুল বাহার, মোহাম্মদ জিয়াউর রহমান, ডা. মোহাম্মদ শাহজাহান কবীর, আবু সাঈদ মির্জা মাহমুদুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান, আবু সেলিম মাহমুদ-উল হাসান (রানা) কথা বলেন। কথা বলেন ক্যাডেট কলেজের শিক্ষক জায়েদুল আলম, অগ্রজ আব্দুল্লাহ আল মামুন ও অনুজ ফরিদুল হক।
মোস্তফা মামুনকে নিয়ে এ বই প্রকাশ উপলক্ষে আয়োজনে শুভেচ্ছা জানাতে এসে কথা বলেন দেশ রূপান্তর প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশ এবং দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি পাভেল হায়দার চৌধুরী।
মোস্তফা মামুনের দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে ক্রীড়া সাংবাদিকই বেশি তাদের মধ্যে কথা বলেন জাগোনিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান বাবু, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক রানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবেক ক্রীড়া সাংবাদিক খাদেমুল হক সুমন, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আনোয়ার উল্লাহ, কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান, সকাল সন্ধ্যা ডটকমের ক্রীড়া সম্পাদক সনৎ বাবলা, সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ, নটআউট নোমানখ্যাত নোমান মোহাম্মদ, বিএসপিএর সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র সাংবাদিক রেজওয়ান উজ জামান রাজীব প্রমুখ।
মোস্তফা মামুনের বাবা-মা, ভাই ও সহধর্মিণীও আয়োজনে তাকে শুভেচ্ছা জানান, তুলে ধরেন তার ভালোবাসার ও দায়িত্বশীলতার কথা। মোস্তফা মামুনের ভালোবাসার ক্ষমতাকেই সবাই তুলে ধরেন নিজের নিজের বক্তৃতায়। যাকে নিয়ে ১০১টি লেখা লিখেছেন নানা ক্ষেত্রের মানুষরা। তাদের ধন্যবাদ দেন সাংবাদিক কথাসাহিত্যিক মোস্তফা মামুন।
মোস্তফা মামুনের বইয়ের প্রকাশক সময় প্রকাশনের ফরিদ আহমেদ এসেছিলেন সস্ত্রীক শুভেচ্ছা জানাতে, বক্তৃতায় বলেন, অনন্য প্রতিভা মোস্তফা মামুনকে গিলে ফেলার আগে লেখক মোস্তফা মামুনকে তিনি আবিষ্কার করেছিলেন, তিনি চান মামুন লিখুক আরও অনেক অনেক বেশি, তার জনপ্রিয়তা যে ফ্লুক নয়, তা প্রমাণ করুক। প্রকাশকদের মধ্যে অন্যপ্রকাশের প্রকাশক ও লেখক মাজহারুল ইসলাম শুভেচ্ছা জানান।
সুবর্ণ মাত্রায় মোস্তফা মামুন বইটি প্রকাশ করেছে মোস্তফা মামুনের অন্যতম প্রকাশক অনন্যা। এতে লিখেছেন সাংবাদিক, লেখক-সাহিত্যিক, মোস্তফা মামুনের শিক্ষক, ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক এবং পরিবার-স্বজন-বন্ধু-পরিজনরা। প্রখ্যাত শিল্পী মাসুক হেলাল করেছেন প্রচ্ছদের প্রতিকৃতি ও নামলিপি।
