কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান।
নিহত সাজিদ কবির (১৮) কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে। তিনি টেকনাফ উপজেলার সাবরাং এলাকার আদি বাসিন্দা। তিনি ঢাকার মাইলস্টোন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ঘটনায় আহত হয়েছেন, নিহতের বন্ধু ও চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর কায়েস (১৮)।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শাহজাহান বলেন, বৃহস্পতিবার সাজিদ কবির ঢাকা থেকে কক্সবাজার শহরের বাসায় আসেন। শুক্রবার সকালে এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে তিনি টেকনাফের সাবরাংয়ে গ্রামের বেড়াতে যান। শনিবার সকালে মেরিন ড্রাইভ দিয়ে তারা মোটরসাইকেল করে কক্সবাজার শহরের বাসায় ফিরছিল। এক পর্যায়ে উখিয়া উপজেলার ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সাজিদ কবির মারা যায়। এ ঘটনায় সঙ্গে থাকা অপর বন্ধু ওমর কায়েস আহত হয়।
উপ-পরিদর্শক বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহত ওমর কায়েস এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।’
নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মোহাম্মদ শাহজাহান।
আমিরাতে জাহাজ রপ্তানি করছে ওয়েস্টার্ন মেরিন
যৌতুকের জন্য স্ত্রীকে অকটেন ঢেলে পুড়িয়ে হত্যা