পল্টনে ছাদ থেকে পড়ে যাওয়া গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

রাজধানীর পল্টনে একটি বাসায় লিমা (১৬) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পল্টন এলাকা থেকে এক যুবক, ডা. অনন্যা নামে এক নারী ও গৃহকর্তা খাইরুল কবির ওই গৃহকর্মীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার মৃত্যুর বিষয়ে হাসপাতালে চিকিৎসকসহ কাউকে কোনও তথ্য দিতে রাজি হননি তারা। যতটুকু জানা গেছে, ওই গৃহকর্মী ভবন থেকে নিচে পড়ে গিয়েছিলেন। তবে কিভাবে নিচে পড়ে যান তা জানাতে অস্বীকার করেন তারা। ওই গৃহকর্মীর দুই পা ভাঙা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পল্টন থানা তদন্ত করছে।

হাসপাতালে গৃহকর্তা খাইরুল কবির জানান, তাদের বাসা পুরানা পল্টন কালভার্ট রোডের ইস্টার্ন রেইনবো টাওয়ারে। ভবনের ৯ম তলায় স্ত্রী ও খারজিন কবির নামে ছেলেকে নিয়ে থাকেন। ভবনের ১৪ তলায় মেয়ে ডা. অনন্যা থাকেন। লিমা তাদের বাসায় দেড় বছর যাবৎ কাজ করতেন। ৯ তলা ও ১৪ তলায় দুই জায়গাতেই থাকতেন তিনি।

তিনি আরও দাবি করেন, সকাল ১০টার দিকে ৯ম তলায় আমাদের কক্ষে নাস্তা দেন তিনি। এর কিছুক্ষণ পরে আরেক কাজের মেয়ে জানায়, লিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে নিচ থেকে নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন, কে যেন ওপর থেকে পড়ে গিয়েছে। তখন ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় দেখতে পান লিমাকে। তবে লিমা কিভাবে নিচে পড়েছে তা তাদের জানা নাই।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাছান জানান, লিমা পুরানা পল্টনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সকালে তিনি ভবনের ১৪ তলা থেকে নিচে পড়ে যান বলে দাবি করেছেন গৃহকর্তা। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত