নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের মধ্যে মুগ্ধতা ছড়ান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বয়সকে একটি সংখ্যায় প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি।
অভিনয় আর মডেলিং বাদে আর কী করতে ভালো লাগে তার? এমন প্রশ্নে রুনা খান বলেন, ‘২০ বছরের ক্যারিয়ারে আমি অভিনয় আর মডেলিং ছাড়া কিছুই করিনি। আমিন যতদিন বেঁচে আছি আর সুস্থ আছি আমি অভিনয় আর মডেলিংটাই করে যেতে চাই। ২০০৫ সালে আমি পেশাগত অভিনয় জীবন শুরু করেছিলাম। সেই থেকে এই পর্যন্ত অভিনয় আর মডেলিং ছাড়া অন্য কোনোকিছুর সঙ্গে আমার কোনো যুক্ততা খুঁজে পাওয়া যায়নি। আমি যখন পেশাগতভাবে কাজটা শুরু করেছিলাম তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি অভিনয় আর মডেলিং ছাড়া কিছুই করব না।’
যোগ করে তিনি আরও বলেন, ‘আরেকটা কথা না বললেই না, আমাকে নিয়ে অনেক সময় অনেক আলোচনা-সমালোচনা হয় আমি দেখি। কাজ করলে প্রশংসা হবে, আলোচনা হবে এবং সমালোচনাও হবে। আমার কাজ সবার ভালো লাগবে এমন তো কথা না। যাদের কাছে খারাপ লাগে তারাই তো সমালোচনা করে। যতদিন আমি বেঁচে আছি, আমি এখন যেভাবে কাজ করছি আমি ঠিক সেভাবেই কাজ করে যেতে চাই।’
