রোনালদো-হালান্ডকে পিছে ফেলে ২৪’র সর্বোচ্চ গোলদাতা ‘অচেনা’ ইয়োকেরেস

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম

বুড়ো হয়ে যে যাননি তা গতবছর এই কীর্তি দিয়েই বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছিলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গতবছর ৫৪টি গোল করে হয়েছিলেন ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা। আর এ বছর ওই একই কীর্তিকে রোনালদো-আর্লিং হালান্ডদেরও পিছে ফেলেছেন এক অখ্যাত ফুটবলার। তার নাম ভিকটর ইয়োকেরেস।

চিনতে না পারারই কথা। সুইডেন ও হাঙেরির দ্বৈত নাগরিক হলেও ইয়োকেরেস খেলছেন পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে। এ বছর নিজের ক্লাবের হয়ে ৫৬ ম্যাচে ৫২ বার জালের দেখা পেয়েছেন তিনি। সেই সঙ্গে জাতীয় দলের হয়ে করেছেন ৭ ম্যাচে ১০ গোল। মোট ৬২ গোল নিয়ে এই শতকে এক বছরে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ২৬ বছর বয়সী ইয়োকেরেস।

এ তালিকার দুইয়ে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে বছরে তিনি করেছেন ৪৯টি গোল। তিনে থাকা ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের গোলসংখ্যা ৪৬টি। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এ বছর গোল করেছেন ৪৩টি।

ইয়োকেরেস এ বছর আলোচনায় আসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করে। আসছে দলবদলে তার দিকে নজর পড়েছে প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলোর। স্পোর্টিং সিপির সাবেক ও ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন আমোরিম নিজের দলে টেনে আনতে পারেন তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত