ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর একটি কারখানার পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে বিএনপির দুই নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি ঘর-বাড়িতে হামলা-ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নন্দনপুরে অবস্থিত বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি বিস্কুট তৈরির কারখানায় বিস্কুটের গুড়াসহ পরিত্যাক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল। এসব পণ্য কেনা নিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও পার্শ্ববর্তী সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাকবিতণ্ডায় জড়ায়। এ ঘটনায় ওই দুই নেতার সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি
ডিজেল ও কেরোসিনের দাম কমল