গলাটিপে শিশুকে হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:২৩ এএম

ভৈরবে ১৮ মাস বয়সী কন্যাসন্তানকে গলাটিপে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ (৩৭)। তিনি কিশোরগঞ্জ ভৈরবের শম্ভুপুর রেলগেট নুর আলী মিয়ার ছেলে।

সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর ও বিশৃঙ্খলার মধ্যে আবুল হোসেন জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরে গতকাল বুধবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, ২০১১ সালে নিজের ১৮ মাস বয়সী কন্যাসন্তান সুমাইয়াকে গলাটিপে হত্যা করেন আবুল হোসেন। মা সুরাইয়া বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলার করেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে আদালত চার্জশিট আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত তাকে মৃত্যুদন্ডাদেশ দিয়ে রায় দেয়। আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আটক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত