শরীরে ভাইরাস নিয়ে ব্রেন্টফোর্ডকে হারাল আর্সেনালের খেলোয়াড়েরা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১১:১২ এএম

নতুন বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল আর ব্রেন্টফোর্ড। গতকাল বুধবার রাতের ওই ম্যাচটি আর্সেনাল ৩-১ গোলে জিতে নিয়েছে, যদিও তাদের বেশকিছু খেলোয়াড় ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল।

ব্রেন্টফোর্ডের মাঠ জিটেক কমিউনিটি স্টেডিয়ামে নামার আগেই আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার ভাইরাসে আক্রান্ত হন। জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ খেলতে পারেননি। মিডফিল্ডার ডেকলান রাইস মাঠে নেমেছেন দ্বিতীয়ার্ধে। অধিনায়ক মার্টিন ওডেগার্ড মাঠে নামলেও পারফর্মেন্স ছিল এলোমেলো। ব্রেন্টফোর্ডের প্রথম গোলটি তার ভুলেই হয়েছে।

ত্রয়োদশ মিনিটে ব্রেন্টফোর্ড ফরোয়ার্ড ব্রায়ান এমবুয়েমোর গোলে আর্সেনাল সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। তাহলে কি হার দিয়েই বছর শুরু করতে হবে? তবে প্রথমার্ধেই দারুণ গোলে সমতা টেনে স্বস্তি ফেরান গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৫৩তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে স্কোরলাইন ৩-১ করেন মার্তিনেল্লি।

ম্যাচ শেষে ভাইরাস আক্রমণ নিয়ে আর্সেনাল কোচ মিকাইল আর্তেতা বলেন,  ‘এটা (ভাইরাস) মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছে। তেমন মারাত্মক কিছু না হলেও পরিস্থিতি পুরোপুরি আদর্শ ছিল না। কাইয়ের লক্ষণ স্পষ্ট বোঝা যাচ্ছিল, তাই তাকে লন্ডনে (বাড়িতে) পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এমন হতেই পারে। সংক্রমণ কিংবা ভাইরাসের আক্রমণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত