৪৩তম বিসিএস

৫ জানুয়ারির মধ্যে নতুন প্রজ্ঞাপন চান বাদ পড়া প্রার্থীরা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ক্যাডাররা ৫ জানুয়ারির মধ্যে তাদের গেজেটভুক্ত করার দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩তম বিসিএস শিক্ষা ক্যাডারে গেজেটবঞ্চিত ক্যাডার মাসুমা আক্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘ ৪ বছরের অক্লান্ত পরিশ্রম ও অপেক্ষার শেষে ৪৩তম বিসিএস পরীক্ষার প্রতিটি ধাপ সততা ও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক ২ হাজার ১৬৩ জন ২৬টি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই। সুপারিশ প্রাপ্তদের কয়েকদফায় তদন্ত সাপেক্ষে সুদীর্ঘ ১০ মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২০২৪ সালের ১৫ অক্টোবর আমাদের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটে যোগদানের তারিখ ১৭ নভেম্বর, ২০২৪ নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর, ২০২৪ আমাদের যোগদান পিছিয়ে ১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মাসুমা আক্তার আরও বলেন, দ্বিতীয়বার প্রকাশিত গেজেটে ১৬৮ জনসহ সর্বমোট ২২২ জন প্রার্থী গেজেট থেকে বঞ্চিত হওয়ার ফলে অধিকাংশ প্রার্থী চাকরি হারিয়ে বেকার হয়ে যায়, ২২২ জন প্রার্থী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশাগ্রস্ত এবং দিশেহারা হয়ে পড়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তারা বলেন, ‘আপনারা আমাদের আশা-কাঙ্ক্ষা প্রকাশের অন্যতম মাধ্যম। আপনাদের মাধ্যমে আমরা একই সাথে ২২২টি পরিবারের পক্ষ থেকে দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করে আমাদের পুনরায় গেজেটভুক্ত করার আশু ব্যবস্থা গ্রহণ করবেন। যা আমাদের জীবন ও ক্যারিয়ার রক্ষায় সহায়তা পূর্বক তারুণ্যের শক্তি দিয়ে রাষ্ট্রের সেবাদানে সুযোগ প্রদান করবে। আপনারা আমাদের এই দুঃখ-দুর্দশার চিত্র দেশবাসীসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।’

উপস্থিত ক্যাডার অফিসারদের গেজেট বঞ্চিতের কোনও কারণ জানানো হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, ‘আমাদের কোনও কারণ দর্শানো হয়নি। আমাদের পাঁচ ধাপ তদন্তের মাধ্যমেই প্রথম গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অজ্ঞাত কোনও কারণে আমাদের ২য় গ্যাজেট থেকে বঞ্চিত করা হয়েছে।’

উল্লেখ্য, ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের প্রজ্ঞাপনভুক্ত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে নানা আলোচনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত