তেরো দিন আগে শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম।
অভিনেতার শরীরটা এখন ভালো যাচ্ছে না বলেই খবর। শরীরে অক্সিজেন না পাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে।
প্রবীর মিত্রের ছোট ছেলে আজ শনিবার বলেন, তেমন কোনো অগ্রগতি নেই বাবার। খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।
কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করা প্রবীর মিত্রের বেড়ে ওঠা পুরান ঢাকায়। স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন তিনি। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।
‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
এখন কেমন আছেন মুশফিক ফারহান? 