সবার আগে সংসদ নির্বাচন চান বিএনপি নেতা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

যারা মনে করছেন নির্বাচন পিছিয়ে দিলেই ক্ষমতায় যাওয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ, জনগণকে ভয় পান কেন? কেন সংসদ নির্বাচনের আগে ডাকসুসহ ছাত্রদের নির্বাচন দিতে চান, কেন স্থানীয় নির্বাচন দিতে চান?

রোববার (৫ জানুয়ারি) সখীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সবার আগে সংসদ নির্বাচন দিতে হবে। একটি গণতান্ত্রিক সরকারই সকল নির্বাচন দিতে পারে। 

তিনি সরকারের উদ্দেশে বলেন, একটি অনির্বাচিত সরকার, যদিও এটি আমাদের সমর্থিত সরকার। তারা কাজ হলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে বিদায় নিবে এটি আমাদের প্রত্যাশা। কোনো সমালোচনা বা প্রশ্নবিদ্ধ হন সেটি আমরা চাই না। 

রাজনৈতিক দলের কেউ কেউ বক্তৃতায় বলেন তারা নাকি দেশ প্রেমিক রাজনৈতিক দল। তাদের উদ্দেশে তিনি বলেন,  বক্তব্যে সতর্ক হোন, দাড়ি, কমা, সেমিকোলন টেনে বক্তব্য দিবেন। কারা দেশপ্রেমিক রাজনৈতিক দল সেটি তো ভোটের মধ্যেই প্রমাণ হবে। নিজেরা নিজেরা দেশপ্রেমিক সাজতে যাবেন না। আপনাদের লাগামহীন বক্তব্যে জাতীয় ঐক্য নষ্ট হবে। 

এ সময় তিনি আরও বলেন, সংস্কার শেষে এ বছরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। যারা বলেন নির্বাচন বহুদূরে তারা বোকার স্বর্গে বাস করছেন। 

নতুন দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, পত্রিকায় দেখি নতুন নতুন রাজনৈতিক দল আসছে। গণতান্ত্রিক দেশে তাদের স্বাগত জানাই। কিন্তু ওই তাল বাহনায় নির্বাচন যাতে প্রলম্বিত না হয়, সরকারের কাছে সেই আহ্বান জানাই। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, জনগণের অধিকার ভোটের মাধ্যমে আমরা ফিরিয়ে দিতে চাই। যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার শেষে এ বছরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। 
 
স্থানীয় দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বা ইউএনও অফিসে বা থানায় তদবিরে যায় তাহলে আমাকে রিপোর্ট করুন। তার বিরুদ্ধে আমি শুধু ব্যবস্থাই নেব না, তাকে কেবল বহিষ্কারই করব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা, পৌর বিএনপির সম্পাদক মীর আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে সখীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিম ইসলাম রাসেল প্রমুখ।

এর আগে সকালে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা র‌্যালি ও আনন্দ মিছিল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত