গেল মাসের শুরুর দিকে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক নারী অনুরাগীর। তার ছেলে এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটা মর্মান্তিক ঘটনার জেরে আইনি বিপাকে পড়তে হয় আল্লুকে। একরাত জেলেও কাটাতে হয়েছে। শেষমেশ গত শনিবার কয়েক শর্তে জামিন পান দক্ষিণী সুপারস্টার।
সেই ঘটনার ঠিক এক মাসের মাথায় এবার ৪ জানুয়ারি রামচরণের অনুষ্ঠান থেকে ফেরার পথে সেই একই ঘটনার পুনরাবৃত্তি! দুর্ঘটনায় মৃত্যু দুই অনুরাগীর।
এবার সেই দক্ষিণী সুপারস্টারের ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথেই নাকি মৃত্যু হয় দুই ভক্তের। ঘটনার জেরে সিনেমার প্রযোজক দিল রাজু শোকপ্রকাশ করে দুই মৃতের পরিবারকে ১০ লক্ষ রুপি আর্থিক সাহায্য করেছেন।
জান গেছে, গত ৪ জানুয়ারি, শনিবার রাজামুন্দ্রায় বহু প্রতীক্ষিত ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচার অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিয়েছিলেন কাকিনাড়া জেলার আরাভা মণিকান্তা (২৩) এবং থোকাড়া চরণ (২২)। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ন’টায় বাইকে করে ফেরার পথে এক ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন দুজন। এরপর তাদের পেদ্দাপুরম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দুজনকে।
প্রযোজক দিল রাজু জানিয়েছেন, “অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সেই জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, এরকম অনুষ্ঠানের আর কোনও বিকল্প আছে কি না। কারণ তার মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এমন কোনও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণই দুঃখজনক। আসলে আমি আর রামচরণই এরকম অনুষ্ঠানের জন্যে জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে ওদের আত্মার শান্তি কামনা করি। যে কোনওরকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। ইতিমধ্যেই মৃতদের পরিবারে ৫ লক্ষ করে টাকা পাঠিয়েছি।”
আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের রেশ এখনও ছাইচাপা আগুনের মতো জ্বলছে। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রবিবার এখন থেকে থানায় হাজিরা দিতে হবে ‘পুষ্পা’কে। সেই আইনি জটিলতার মাঝেই এবার রামচরণের ‘গেম চেঞ্জার’ কাণ্ড।
এটা মেজর ডালিম না: সালমান মুক্তাদির